শেরপুর নিউজ ডেস্ক:
মুসলিম আইনে পুরুষের একাধিক বিয়ে ধর্মীয়ভাবে বৈধ হলেও বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এ নিয়ে এবার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। আদালত রায়ে স্পষ্ট করেছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। তবে দ্বিতীয় বিয়ে করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর দেওয়া ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
রায়ে হাইকোর্ট বলেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার এখতিয়ার স্ত্রীর হাতে নয়, বরং আইন অনুযায়ী গঠিত আরবিট্রেশন কাউন্সিলের হাতে ন্যস্ত। ফলে প্রথম স্ত্রীর অনুমতি না থাকলে দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ অবৈধ হবে—এমন কোনো বিধান প্রচলিত আইনে নেই।
আদালত রায়ে উল্লেখ করেন, “যেহেতু দ্বিতীয় বিয়ের অনুমতির ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত, সেহেতু শুধু প্রথম স্ত্রীর অনুমতি না থাকার কারণে বিয়েটিকে অবৈধ ঘোষণা করা আইনের সরাসরি ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
রায়ে আরও বলা হয়, আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিয়ের আবেদন বিবেচনার সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, আবেদনকারীর আর্থিক সক্ষমতা, পারিবারিক অবস্থা এবং বিয়ের ন্যায়সংগত কারণ পর্যালোচনা করবে। এভাবেই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের কথা বলা হয়েছে।
আইনগত পটভূমি ব্যাখ্যা করে আদালত বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৪ ধারায় বহুবিবাহের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও, ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর মুসলিম পুরুষদের ক্ষেত্রে সেই বিধান শিথিল করা হয়। নতুন আইনে দ্বিতীয় বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ না করে তা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর নির্ভরশীল করা হয়।
তবে আইন অনুযায়ী, কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এদিকে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাঁদের দাবি, এই সিদ্ধান্তের ফলে বহুবিবাহের ক্ষেত্রে আইনি নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। নারী ও পুরুষের সমান অধিকার এবং নারীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেই তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন বলে জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























