শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী সদস্য আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত গ্রামবাসী চাকুসহ রকি ও শাকিল নামে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির এ তথ্য দিয়েছেন।
আহতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া (৫৫), তার মেয়ে কাজলী বেগম (৩৫) ও লাকী বেগম (২৬) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীনা (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিশিন্দারা উত্তরপাড়ায় বীনার সঙ্গে তার স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকির দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ জের ধরে বৃহস্পতিবার বিকালে রকি তার স্ত্রী বীনা, শাশুড়ি কাজলী বেগম, নানি শাশুড়ি মনোয়ারা বেওয়া ও শ্যালিকা লাকীকে ছুরিকাঘাত করেন। এর সময় তাকে তার বন্ধু ঝোঁপগাড়ীর শাকিল সহযোগিতা করেন।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চাকুসহ রকি ও শাকিলকে আটক করে পুলিশে দেন।
এছাড়া আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত জামাই রকি ও তার বন্ধু শাকিলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























