শেরপুর নিউজ ডেস্ক:
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের রোডম্যাপ তৈরির লক্ষ্যে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি)” বিষয়কর্ কর্মশালা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেরপুর পৌরসভা কর্তৃক উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর ভ‚মিকা তুলে ধরা হয়, প্রজেক্টটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।
কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম। তিনি স্থানীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার, তিনি বিস্তারিতভাবে সিডিপি এর উদ্দেশ্য ও কার্যকারিতা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির আরইউটিডিপি প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. মইনুদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবীরাও কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রকল্পের আওতায় রাস্তাঘাট, ফুটপাত, সড়কবাতি, ড্রেন, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণসহ আধুনিক নগরসেবার নানা অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানানো হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























