শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নামে বেআইনিভাবে পুনঃতফশিল ঘোষণার অভিযোগ এনে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার সকালে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ করেন।
নেতৃবৃন্দ জানান, গত ২২ অক্টোবর কোনো বৈধ প্রক্রিয়া ছাড়াই অজ্ঞাত স্থান থেকে অনলাইনের মাধ্যমে শ্রমিক নেতা পরিচয়দানকারী হোসাইন আহম্মেদ আকাশ সংগঠনের নামে পুনঃতফশিল ঘোষণা করেন। যার কোনো আইনগত ভিত্তি নেই। তাদের অভিযোগ, এই কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি ও বিভাজন ঘটানোর অপচেষ্টা চালানো হয়েছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ১৬৯১)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা গত ৩০ মে অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের আয়–ব্যয় রিটার্ন, সংবিধান সংশোধন এবং গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান ছিলেন মোঃ মাহমুদ শরিফ মিঠু এবং সদস্য ছিলেন মোঃ শহিদুল ইসলাম সওদাগর, এ্যাড. আব্দুল মতিন মন্ডল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ কোরবান আলী ও সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ।
এরপর নির্বাচন পরিচালনা কমিটি ৮ জুলাই তফশিল ঘোষণা করে। ১৭ জুলাই মনোনয়নপত্র দাখিল হয় এবং কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ২২ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান নেতৃত্বকে নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৫ আগস্ট বগুড়ার খান্দারের ওয়ান্ডারল্যান্ড পার্কে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
পরে ২০ অক্টোবর রেলওয়ে মার্কেট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে সংবর্ধনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে কিছুদিন পর ঐ কমিটির সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ গোপনে অনলাইনে পুনঃতফশিল ঘোষণা করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালান বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বগুড়া জেলা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি শ্রমিক সমাজের ঐক্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি লিটন শেখ বাঘা, কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রকেট, মোঃ মিঠু রহমান ও আব্দুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির এবং কার্যকরী সদস্য মোঃ রতন, আব্দুল কাদের প্রমুখ।



Users Today : 102
Users Yesterday : 160
Users Last 7 days : 1512
Users Last 30 days : 7305
Users This Month : 3062
Users This Year : 11936
Total Users : 533256
Views Today : 165
Views Yesterday : 247
Views Last 7 days : 2217
Views Last 30 days : 11702
Views This Month : 4573
Views This Year : 19421
Total views : 809536
Who's Online : 1