শেরপুর নিউজ ডেস্ক:
এক ইনিংসে দুটি হ্যাটট্রিক, এমন ঘটনা ঘটল ভারতে। শনিবার রঞ্জি ট্রফিতে আসামের বিপক্ষে সার্ভিসেস দলের দুই বোলার এক ইনিংসেই পেয়েছেন দুটি হ্যাটট্রিক। টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ১০৩ রানেই গুটিয়ে গেছে আসাম।
দিনের প্রথম হ্যাটট্রিকটা করেছেন সার্ভিসেসের স্পিনার অর্জুন শর্মা। মধ্যাহ্নবিরতির পর দলের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা।
এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা রঞ্জি ট্রফিতে এটি দ্বিতীয়। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে এক ইনিংসে দুজনের হ্যাটট্রিক রঞ্জি ট্রফিতে এটিই প্রথম।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের পঞ্চম ঘটনা এটি। প্রথম এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই খেলা বোলার আলবার্ট ট্রট।
১৯০৭ সালে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টিতে তিনি এই কীর্তি গড়েছিলেন। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন ভারতের জোগিন্দার রাও। এক ইনিংসে একই বোলারের দুই হ্যাটট্রিকের ঘটনা এই দুটিই।
এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিকের ঘটনা প্রথম ঘটে ১৯৮৬ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লাইভ রাইস ও গার্থ লেরু জোহানেসবার্গে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।
এরপর ১৯৯৬ সালে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ কেন্টের হয়ে ক্যান্টারবুরিতে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেন। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন সার্ভিসেসের দুই বোলার।
২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে রঞ্জির ম্যাচ ফিরেছে আজ। ঘরের মাঠে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সার্ভিসেস দলের বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা রঞ্জি ট্রফিতে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন।
এরপর হ্যাটট্রিক করেন মোহিত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার প্রথম হ্যাটট্রিক।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























