শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯টি বসন্তের অপেক্ষা শেষে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে বগুড়াবাসী। ২০০৬ সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এবার মূল জাতীয় দল নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে।
ক্রিকেটপ্রেমীদের আনন্দের মাত্রা হয়তো আরেকটু বাড়ত, যদি মূল জাতীয় দলের ম্যাচ হতো। তবে বর্তমানে এই দুটি ম্যাচও বগুড়ার ক্রিকেট ইতিহাসে নতুন প্রাণের সঞ্চার করছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন জানিয়েছেন, আগামী ২৮ ও ৩১ অক্টোবর চান্দু স্টেডিয়ামে এই দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে আনন্দের খবর হলো, এই দুই ম্যাচের জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।
২০০৬ সালের পর থেকে অবহেলায় পড়ে থাকা এই মাঠে মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক কোনো ইভেন্ট হয়নি। ফলে ক্রিকেটপ্রেমীদের মনে জমেছিল চাপা ক্ষোভ। কিন্তু এবার দীর্ঘ ১৯ বছরের সেই আক্ষেপ কিছুটা হলেও মিটতে চলেছে।
জানা গেছে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ অক্টোবর বগুড়ায় পা রাখবে।
একদিন বিশ্রামের পর ২২ অক্টোবর থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে গা গরম করবে দুই দলের যুবারা। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ২৮ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে চান্দুতে। এরপরের তিনটি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
চান্দু স্টেডিয়ামে সর্বশেষ বড় ম্যাচ হয়েছিল ২০০৬ সালে, যখন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসদের মতো তারকারা খেলতে এসেছিলেন। তারও আগে ২০০৪ সালে এই মাঠে খেলেছিলেন ব্রেন্ডন টেইলর, এলটন চিকামবুরার মতো তারকারা।
দেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট হিসেবে পরিচিত এই মাঠটি এতগুলো বছর ধরে অবহেলায় পড়ে ছিল।
দীর্ঘ প্রতীক্ষার পর এই দুটি ম্যাচকে ঘিরে বগুড়ার ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা—এই আলোর রেখা যেন আর নিভে না যায়। দর্শকদের আশা, এই সিরিজের মাধ্যমে বিসিবির টনক নড়বে এবং ভবিষ্যতে চান্দু স্টেডিয়ামে আবার জাতীয় দলের তারকাদের পদচারণায় মুখর হবে।
স্থানীয় দর্শকদের এখন মূল কাজ হলো—মাঠে এসে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে গলা ফাটিয়ে যুবাদের উৎসাহ দেওয়া। তবেই হয়তো বিসিবি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আরও আগ্রহী হবে এবং বগুড়াবাসীর আন্তর্জাতিক ম্যাচের স্বপ্ন আর দীর্ঘ হবে না।
সম্প্রতি বগুড়ায় আরডিএ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবু বলেন, “ক্রিকেট আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বগুড়ার মানুষ হিসেবে আমার প্রথম প্রাধান্য হবে চান্দু স্টেডিয়াম সংস্কার করা এবং আন্তর্জাতিক ম্যাচ চালু রাখা। তবে এজন্য বিমানবন্দর, হোটেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।”
তিনি আরো বলেন, ‘যদি বগুড়ায় বিমানবন্দর চালু থাকত, তাহলে এবারের বিপিএলের তিন থেকে চারটি ম্যাচও এখানে আয়োজন করা যেত। তবু আমরা আনন্দিত, অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক পাঁচ ম্যাচের সিরিজের দুইটি বগুড়ায় হচ্ছে—এটাই বড় শুরু।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























