কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই উদ্যোগে ইতিবাচক জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১দলীয় ঐক্যের সব দলকে সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় সংসদের বিরোধী দলটি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলকেও সংলাপে অন্তর্ভুক্ত করার পক্ষে জামায়াত।
দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংলাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াতও তাদের অবস্থান সরকারকে জানিয়েছে। দলটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। তবে সংলাপে অংশগ্রহণের ক্ষেত্রে ১১-দলীয় ঐক্যের সম্মিলিত অবস্থান বজায় রাখতে চায় তারা।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জামায়াত সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সংলাপ হলে ১১দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে হতে হবে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো উচিত।
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সর্বদলীয় গণমিছিলের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গণমিছিলের পরিবর্তে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক সূত্রগুলো জানায়, গত ১৮ নভেম্বর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। তবে সে সময় নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফরে থাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।
গত রোববার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। এর কিছু সময় পর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১দলীয় ঐক্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নাহিদ ইসলামকে এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ দেন। এ সময় বৈঠকে অংশ নেয়া এনসিপির প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরই মধ্যে মতবিনিময়ের জন্য নাহিদ ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপির কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। পরে রোববার গভীর রাতে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার বেলা একটায় প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলামসহ এনসিপির তিন নেতা।
গত রোববারের ১১দলীয় ঐক্যের বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। এনসিপির প্রধানমন্ত্রীর সঙ্গে পরদিন মতবিনিময়ের বিষয়টি জানার পর বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার ১১দলীয় ঐক্যকে সংলাপে আমন্ত্রণ জানালে তারা তাতে অংশ নেবেন। পাশাপাশি, এক দফা মতবিনিময় হলেও পরবর্তী দফায় এনসিপিকে অন্তর্ভুক্ত করতে হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











