প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে।
আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ৭টি ঘরের চাবি হস্তান্তর করেন।
এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলে লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত থেকে ৮টি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











