বগুড়ার শেরপুরে মেরিডিয়ান একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ এবং ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও পরীক্ষা ব্যাচেরও উদ্বোধন করা হয়। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তিতে প্রথম হয়েছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের মুমতাহিনা প্রজ্ঞা, দ্বিতীয় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ রাইম এবং তৃতীয় স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনালের মো. আফফান মাহিন। তাঁদের যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার ও তিন হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ ছাড়া মেধাতালিকায় থাকা বাকি ১৭ জনকেও বিভিন্ন মূল্যমানের উপকরণ ও সম্মাননা দেওয়া হয়েছে।
একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরউড ইন্টারন্যাশনালের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম (মিঠু)। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আজাদুল ইসলাম এবং আয়োজক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আফিয়া আক্তার বিথী।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, বৃত্তি পরীক্ষার মতো আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে ভূমিকা রাখে। একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













