আগামী ২৪ ডিসেম্বর দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা ফলাফলের পাশাপাশি পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
নতুন বইয়ের মান নিশ্চিত করতে উন্নত মানের কাগজ ও ছাপার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত মান বজায় না রাখলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











