সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিকতর তদন্তর মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি বলেছেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অধিকতর তদন্তর মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়ারিং পুরাতন হওয়ায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি।
বুধবার দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লাগে। এনসিপির অভিযোগ, পেট্রল বোমা হামলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। নুসরাতও একই অভিযোগ করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আগুনকে নিজেদের সফলতা দাবি করে সামাজিকমাধ্যমে উল্লাস প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু পর প্রশ্নোত্তর পর্বে আগুনের ঘটনা সংসদে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্বের পরে বক্তৃতা করার অনুরোধ করেন। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলাকে গুরত্বর ঘটনা আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বক্তৃতা চালিয়ে যেতে চান। স্পিকার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। তিনি থাকলে জবাব দিতে পারতেন।
নাহিদ ইসলাম যখন শ্লেষাত্মক ভঙ্গিতে বলেন, এই সরকারের কাছ থেকে আমরা জবাব আশা করি না। সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানকারীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি মনযোগ থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম লক্ষ্য হই, দ্বিতীয় টার্গেট বিএনপি হবে। আমাদের পরিবার আক্রান্ত হলে, তাদের পরিবারও আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের যে আপসকামী মনোভাব, তা দেখছি।
নাহিদ বলেন, পুলিশ সুপার বলছেন ‘ফরেনসিক পরীক্ষা শেষ হয়নি’। কিন্ত ওসি বলছেন, ‘পেট্রোল বোমার আলামত নেই’। তদন্তের আগে তিনি কীভাবে বললেন?
গত মঙ্গলবার মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান। যা তিনি নিজেই সামাজিকমাধ্যমে প্রচার করেন। নাহিদ ইসলাম বলেন, মৌলভীবাজারে আক্রমণ হয়। ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। একজনও গ্রেপ্তার হয়নি। সারাদেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে।
এরপর সংসদের বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়ে জবাব দেন। তিনি বলেন, বাড়িটিতে আগুন লাগানো হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা ২০ মিটার দূরে আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল। পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনার পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হওয়ার পর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সবার জন্যই উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি, বিজিবির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















