উচ্চ আদালত থেকে জামিনের পর জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের কাছে আসে। এরপর দাপ্তরিক কার্যক্রম শেষ করে আজ সকাল ১০টায় আখতারুজ্জামানকে কারামুক্ত করা হয়েছে।’
আখতারুজ্জামান রঞ্জনের আইনজীবীদলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, গত রবিবার হাইকোর্ট আখতারুজ্জামানের জামিন মঞ্জুর করেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে। সোমবার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। সেই আদেশের পর প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে আখতারুজ্জামান মুক্তি পান।
এর আগে গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামান রঞ্জনের বাগবিতণ্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় পরদিন ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























