শীতকালে এবার তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। একইসঙ্গে ছয়টি শৈত্যপ্রবাহও হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১ নভেম্বর) নভেম্বর থেকে জানুয়ারি তিন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ও সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
তিনি আরও জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে। দেশে ৪ থেকে ৬টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ) ধরণের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে যার মধ্যে ২ থেকে ৩টি তীব্র শৈত্য প্রবাহে (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













