বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতো এখনো দেশে খুন, সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার বিকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসী সুন্দর বাংলাদেশ পাওয়ার আশা করেছিল; কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর বাস্তবে তা হয়নি। এখনো বিগত সরকারের আমলের ধারাবাহিকতাই চলছে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তবে সরকার কোন ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম।
পাশাপাশি তিনি জ্বালানি তেল ও গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সংকট সৃষ্টি হয়েছে তা তুলে ধরে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
শহীদ জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জোর দাবি জানান এবং অবিলম্বে সিফাত বাহিনীর জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বুলবুলের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যেই ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমার ভাইয়ের বিচার আদায় না করে আমরা কেউ রাজপথ ত্যাগ করবো না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিতে কালক্ষেপণ বা টালবাহানা করে তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, সারা দেশে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায়ভার নিতে হবে। সংবিধান এবং আইন সংসদে কেবল চর্চা না করে তা রাষ্ট্র যথাযথভাবে প্রয়োগ করার জন্য তাকে স্মরণ করিয়ে দিতে চাই।
সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























