রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ঢাকা দিবস ২০২৬, হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও লোকজ জীবনধারার নানা অনুষঙ্গ বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী এ আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অংশ নেন। এ ছাড়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা, ছাত্রদল ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও শোভাযাত্রায় ছিলেন।
এ ছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার পুরো পথজুড়ে রাস্তার দুই পাশে নানা বয়সী মানুষের ভিড় দেখা যায়। বর্ণিল সাজে অংশ নেওয়া শিক্ষার্থী, তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরান ঢাকার সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা তৈরি এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















