ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে দাপ্তরিক কাজ শুরু করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিসকক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন।
প্রথম দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন।পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























