ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটার প্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসির জারি করা এক আদেশে নতুন দামের ঘোষণা দেওয়া হয়। যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৬০০ মার্কিন ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে দুই গ্যাসের গড় সিপি হয়েছে ৫৯৩ মার্কিন ডলার। পাশাপাশি এলপিজি আমদানিতে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজ ভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ টাকা। এছাড়া, ১৫ কেজির ১ হাজার ৯১০, ১৬ কেজির ২ হাজার ৩৭, ১৮ কেজির ২ হাজার ২৯১, ২০ কেজির ২ হাজার ৫৪৬, ২২ কেজির ২ হাজার ৮০১, ২৫ কেজির ৩ হাজার ১৮৩, ৩০ কেজির ৩ হাজার ৮১৯, ৩৩ কেজির ৪ হাজার ২০১, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















