স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত নেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন এবং চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি ২০২৬ থেকে বেতন ছাড়ের দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি ও আমরণ অনশনে করে আসছিলেন শিক্ষকেরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে শরীরে কাফনের কাপড় জড়িয়ে কর্মসূচিও পালন করছেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট নামের একটি সংগঠনেরর ব্যানারে তারা এসব কর্মসূচি করেছেন।
এর আগে ঈদ উৎসব বর্জনের ঘোষণা দিয়ে ঈদুল আজহার দিনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। পরে পুলিশি বাধায় তাদের পদযাত্রা থেমে যায়।
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদরাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় ইবতেদায়ি মাদরাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দে।
মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, দেশে অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























