প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের এই রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক ও সরকারি উচ্চপর্যায়ের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ভূরাজনীতি ও কৌশলগত ভারসাম্য চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী প্রথম সফরে কোন দেশে যাবেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে কূটনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছিল। এর আগে ভারত ও চীনের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন দীর্ঘদিনের প্রতিযোগিতার বাস্তবতায় সরকার অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দিল্লি বা বেইজিংয়ের মতো পরাশক্তিকে এড়িয়ে প্রথম গন্তব্য হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বেছে নেওয়াকে আঞ্চলিক ভারসাম্যের একটি প্রতীকী বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই দ্বিপক্ষীয় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক হতে পারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। ২০২৪ সালের মে মাস থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার চেষ্টা করেও এই জট খুলতে পারেনি। প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমবাজারটি পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও ইঙ্গিত দিয়েছেন যে, খুব দ্রুতই এই বিষয়ে একটি পরিষ্কার ও ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
পরবর্তী গন্তব্য চীন মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৩ থেকে ২৬ জুন তিনি বেইজিং সফর করবেন। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের বিস্তারিত আলোচ্যসূচি ও প্রটোকল চূড়ান্ত করা হবে। এই সফর কেবল শ্রমবাজারের জট খোলাই নয়, বরং নতুন সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও এক নতুন মাইলফলক স্থাপন করবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















