বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ বাংলার জয়যাত্রা দীর্ঘদিন ধরে বিদেশি বন্দরে আটকে রয়েছে। জাহাজটির বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১২ মে) ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিদেশি বন্দরে আটকে থাকা বাংলার জয়যাত্রা জাহাজ ঘিরে কিছু ইতিবাচক দিক থাকলেও জটিলতা এখনো কাটেনি। জাহাজটি থেকে নিয়মিতভাবে ভাড়া আদায় হচ্ছে এবং নাবিকদের বেতন, খাদ্য, পানি ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে জাহাজটিকে নিরাপদে ফেরাতে নৌপরিবহন মন্ত্রণালয় ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও সমন্বিত প্রচেষ্টা চলছে। তবে টোল প্রদান সংক্রান্ত আইনি ও কূটনৈতিক জটিলতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এবং চলমান নিরাপত্তা পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ক্রু পরিবর্তন ও ভবিষ্যৎ অপারেশন পরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ে কাজ চলছে বলে জানানো হয়েছে।
কমোডর মাহমুদুল মালেক বলেন, “বাংলার জয়যাত্রা জাহাজটি দীর্ঘদিন ধরে আটকে আছে। মনের মধ্যে অনেক কষ্ট। সর্বোচ্চ চেষ্টাও করেছি। তবে কিছু পজিটিভ সাইন আছে। পজিটিভ সাইন হচ্ছে, এখন পর্যন্ত একদিনও ভাড়া মিস হয়নি। প্রতিদিন ১৬ লাখ টাকা করে ভাড়া পাচ্ছি। আমরা তিনবার বের হওয়ার চেষ্টা করেছি। এরপর কার্গো লোড করেছি। অন্য সব জাহাজে ডলারে যেভাবে বেতন দেওয়া হয়, এই জাহাজেও অতিরিক্ত ডলার দিয়ে ক্রুদের বেতন দেওয়া হচ্ছে। গত সপ্তাহে ২০০ টন পানি দেওয়া হয়েছে। তার আগেও দেওয়া হয়েছে। দুই মাসের ফ্রেশ খাবার দেওয়া হয়েছে। বিশেষ করে প্রচুর পরিমাণে সাইট্রাসজাতীয় খাবার সরবরাহ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সোমবার (১১ মে) আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রত্যেক নাবিকের সঙ্গে কানেক্টেড হয়েছি। সবার সঙ্গে কথা বলছি। কূটনৈতিক চ্যানেল সিরিয়াসলি কাজ করছে। তারা আমাদের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত চেয়েছে। মাঝখানে তারা আমাদের কাছে টোলও চেয়েছিল। কিন্তু টোল দেওয়া যাবে না। টোলের টাকার কোনো সমস্যা নেই, টাকা রেডি আছে। চার্টারার টাকাও দিতে রাজি আছে।”
“কিন্তু সমস্যা হচ্ছে, সরকার অনুমতি ছাড়া তো নিজে থেকে টোল দেওয়া যাবে না। আর টোল দেওয়া মাত্র শুধু বিএসসিকে নয়, পুরো বাংলাদেশকেই যুক্তরাষ্ট্র স্যাংশন করতে পারে। আর যদি না হয়, ওর্স্ট কেস সিনারিওতে আমাকে টোল দিয়ে আসতে হবে। টোলের টাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই। চার্টারার টাকা দিক, আমি দেই, টাকা রেডি আছে। সমস্যা হচ্ছে, বিষয়টি খুব ট্যাক্টফুলি করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। জাহাজ আপাতত পোর্টে থাকবে। পরে তারা আসবে—এমন কিছু কথাবার্তা হচ্ছে।”
“এটা রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ। নাবিকরা কখনো জাহাজ ছেড়ে কোথাও চলে যেতে পারে না। এটা তো চিন্তা করাও পাপ, কবিরা গুনাহ (বড় পাপ)। প্রত্যেকে মারা যাবে, তারপরও জাহাজ থাকবে। এটা স্পিরিট অব এ ন্যাশনাল মার্চেন্ট নেভি। তবে একটি বিষয় আছে। জাহাজ তখনই লিভ করা যেতে পারে, যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে, যেমন কার্গোতে আগুন লাগে বা বড় ধরনের বিপদ হয়।”
“আরেকটি বিষয় হচ্ছে ক্রু চেঞ্জ। কালকে তারা বলেছে, স্যার আমরাও সেই লাইনে কাজ করেছি। কিন্তু ইউতে সাধারণভাবে ক্রু চেঞ্জ করা যায় না। তবে স্পেশাল কনসিডারেশন করা যেতে পারে। আমরা এটাকে এখনই এজেন্ডা করছি না, তবে হোমওয়ার্ক শুরু করেছি। ইনিশিয়াল হোমওয়ার্ক শেষ করে পরে আপনাদের জানাতে পারব। কিন্তু চেঞ্জ করতে গেলেও প্রশ্ন হচ্ছে, যাওয়ার জন্য লোক পাওয়া যাবে কি না। যাওয়ার জন্য মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। এনভায়রনমেন্ট বিবেচনায় মানুষ যেতে চাইবে কি না, সেটাও বড় প্রশ্ন।”
“তবে কিছু বিষয় আছে, যেগুলো বলতে হয়। এটা আমাদের মেরিটাইম কালচার। নাবিকরা জাহাজ ছেড়ে যেতে পারে না। প্রয়োজনে জাহাজের সঙ্গে মৃত্যুবরণ করতে হয়। এর কোনো বিকল্প নেই। এটা সুপ্রিম স্যাক্রিফাইস। মানুষ জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকে। আপনার কথা শুনে একটু অবাক লাগে না?”
“না, আসলে মিডিয়ায়ও তো এ ধরনের বিষয় আসে। প্রত্যেক সার্ভিসেরই কিছু বিশেষত্ব আছে। আপনারা মিডিয়ার লোক, আপনাদেরও দায়বদ্ধতা আছে। এটা একেবারেই অসম্ভব। এখানে ন্যাশনাল প্রপার্টির বিষয় আছে। আপনি জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানিরা কিছু এয়ারক্রাফট তৈরি করেছিল, যেগুলোর কোনো ল্যান্ডিং সিস্টেম ছিল না। কারণ সেগুলো মিশন শেষে ফিরে আসার জন্য তৈরি হয়নি। এই আত্মঘাতী অভিযানের নাম ছিল কামিকাযে।”
“এই এয়ারক্রাফটগুলো সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ার বা মার্কিন জাহাজের ফানেলে আঘাত করত। পুরো জাহাজ ধ্বংস করে দিত। পাইলটও মৃত্যুবরণ করত। এমনই একটি ঘটনা ছিল টাস্কফোর্স কমান্ডার অ্যাডমিরাল নাগুমোর। তার জাহাজ ডুবে যাচ্ছিল। তিনি পিলোরাসের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছিলেন। পিলোরাস হচ্ছে কম্পাসের অংশ। তিনি নির্দেশ দিয়েছিলেন, যেন তাকে বেঁধে রাখা হয়, যাতে মৃত্যুর মুহূর্তে বাঁচার আকুতি এলেও তিনি জাহাজ ছেড়ে বের হতে না পারেন। তিনি জাহাজের সঙ্গেই ডুবে গিয়েছিলেন।”
“এখন প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ সমাধান হতে পারে। কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে। সবার দোয়া আছে। আমার কাছেও দোয়া চাওয়া হয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি। মাঝখানে যদি একটি ট্রুস বা সিজফায়ার কার্যকর হতো, তাহলে এর মধ্যেই কাজ হয়ে যেত। কিন্তু সিজফায়ারের মধ্যেই আবার আমেরিকার হামলা, ইসরাইলের হামলা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গেছে।”
বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর একাধিকবার চেষ্টা করে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি বাংলার জয়যাত্রা। বর্তমানে জাহাজটি শারজা থেকে প্রায় ২০ মাইল দূরে এবং হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০ মাইল দক্ষিণে নিরাপদ দূরত্বে অবস্থান করছে।
বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সাউথ আফ্রিকাগামী একটি কার্গো লোড করার পর দুবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই অনুমতি বাতিল করা হয়। একবার বলা হয় পারমিশন ডিনাইড, আরেকবার মাঝপথে গিয়ে অলটার ইওর কোর্স নির্দেশ দেওয়া হয়। তখন আবার ফিরে আসতে হয়। মিনাসাকায় অবস্থানের সময়
জাহাজে পানির সংকট দেখা দেয়। পরে ৫৫ নটিক্যাল মাইল দূরে গিয়ে শারজা থেকে পানি সংগ্রহ করতে হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ভূমিকার প্রশংসা করে শফিকুল ইসলাম বলেন, “বিএসসি কোনো কার্পণ্য করেনি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং নাবিকদের খাবার, পানি ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন। বর্তমানে জাহাজে দুই মাসের খাবার, দেড় মাসের পানি ও দুই মাসের জ্বালানি মজুদ রয়েছে। প্রয়োজনে উপকূলে গিয়ে আবারও সরবরাহ নেওয়ার সুযোগ আছে। তাই সবচেয়ে বড় উদ্বেগ এখন কবে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি মিলবে।”
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ওই হামলায় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরে জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























