জনপ্রিয় চিকিৎসক ও স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা বর্তমানে ব্রাজিলের পথে রয়েছেন। সোমবার (রাত) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে (সম্মেলন) যোগ দিতে তিনি দেশ ছাড়ছেন। তবে সম্মেলনটির বিষয়বস্তু কী বা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে এটি আয়োজিত হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।
এদিন বিমানবন্দরে তোলা নিজের একটি ছবি পোস্ট করে তিনি কিছুটা রসিকতার ছলে ক্যাপশনে লেখেন, “যাচ্ছি ব্রাজিল। সাও পাওলোতে একটা আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে। বিমানবন্দরের ছবি নিজেই পোস্ট করছি, কারণ এখন নিজের ছবি নিজে না দিলে অন্যরা দিয়ে দেয় এবং ক্যাপশনটা একটু অন্যরকম হয়।”
ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের অভ্যুত্থানের পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে এসে এনসিপিতে যোগ দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মন্ডা এলাকা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























