রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং এই শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকার মাঠ পর্যায়ে সমন্বিত কার্যক্রম শুরু করেছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রাজশাহী সিল্ক শুধু এই অঞ্চলের নয়, এটি পুরো বাংলাদেশের সম্পদ। একে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সকালে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রেশম শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে রেশম সুতার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদনের হার সন্তোষজনক নয়। তিনি বলেন, দেশে বছরে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন রেশমের চাহিদা রয়েছে, যার প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয় কারখানাগুলো পিছিয়ে পড়ায় এই পরনির্ভরশীলতা তৈরি হয়েছে। এই সংকট কাটাতে পলু চাষ ও তুঁত গাছের মান উন্নয়নে গবেষণায় বিশেষ বরাদ্দের আশ্বাস দেন তিনি।
কারিগরদের সুরক্ষায় বিশেষ নজর রেশম শিল্পের প্রাণ হিসেবে পরিচিত কারিগর বা ‘বোসনি’দের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শরীফুল আলম বলেন, বর্তমানে দেশে প্রায় ১১ হাজার ৫০০ জন দক্ষ কারিগর রয়েছেন। বয়সের কারণে তাদের সংখ্যা দিন দিন কমছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে দ্রুত নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তিনি এসব কারিগরদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করেন।
বিনিয়োগ ও নতুন বাজার সৃষ্টি বন্ধ হয়ে যাওয়া রেশম কারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অর্থায়নের পাশাপাশি এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। বিশেষ করে চীন ও জাপানের বাজারে দেশীয় সিল্ক পণ্যের রপ্তানি বাড়াতে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোর্ডের মহাপরিচালক একটি তথ্যচিত্রের মাধ্যমে রেশম শিল্পের বর্তমান সংকট ও সম্ভাবনাগুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, খুব দ্রুতই বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















