০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চলনবিলের ভদ্রাবতীর তীরে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা’

চলনবিলের বুক চিরে বয়ে চলা শান্ত নদী ভদ্রাবতী। নদীর তীরে বসন্তের শেষ বিকেলের হালকা হাওয়ায় মিশে আছে প্রাচীন এক উৎসবের আমেজ। সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস গ্রাম এক অন্যরকম মহামিলনের সাক্ষী। গত শুক্রবার সাঙ্গ হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদাই মেলা’। কিন্তু উৎসবের রেশ কাটেনি। শনিবারের নতুন সূর্য উঁকি দিতেই শুরু হলো এ অঞ্চলের নারীদের প্রাণের উৎসব ‘বউমেলা’।

প্রতি বছর বাংলা সনের শেষ মাস চৈত্রের পূর্ণিমা তিথিতে বারুহাসে উৎসবের রং লাগে। প্রথা অনুযায়ী, ভদ্রাবতী নদীর তীরে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাদাই মেলা। এই মেলা শেষ হতে না হতেই পরদিন শনিবার বসে সেই কাঙ্ক্ষিত বউমেলা।

প্রায় দুইশ বছরের পুরোনো এই আয়োজন কেবল কেনাকাটার মেলা নয়। এটি এ অঞ্চলের শিশু, কিশোরী আর জননীদের এক পরম মিলনমেলা। বংশপরম্পরায় চলে আসা এই প্রথা যেন নারী-হৃদয়ের জমানো সব আনন্দের বহিঃপ্রকাশ।

মেলার ভিড়ে কথা হচ্ছিল বারুহাস গ্রামের ৫২ বছর বয়সী মমতাজ পারভীনের সঙ্গে। স্মৃতির পাতা উল্টে তিনি বলছিলেন, ‘এক সময় মায়ের হাত ধরে আসতাম। লাল চুড়ি, আলতা আর ফর্সা হওয়ার ক্রিম কিনতাম সেই শৈশবে। এখন এসেছি মেয়ে আর ছেলের বউদের নিয়ে। এখন আনন্দটা ওদের মধ্যে খুঁজে পাই।’ তাঁর এই স্মৃতিচারণই বলে দেয়, সময় বদলে গেলেও মেলার আবেগ আজও অমলিন।

তাড়াশের এই মেলাটির বিশেষত্ব হলো–এখানে ক্রেতা থেকে শুরু করে দর্শনার্থী–প্রায় সবাই নারী।
সিরাজগঞ্জের তাড়াশ ছাড়াও নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও বগুড়ার শেরপুর উপজেলার প্রায় ২০-২৫টি গ্রামের শত শত নারী সেজেগুজে হাজির হন এখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভদ্রাবতীর তীর পরিণত হয় এক রঙিন জনসমুদ্রে।

মেলায় কিশোরী ও তরুণীদের ঝোঁক বেশি থাকে কসমেটিকসের দোকানে। সারি সারি সাজানো রঙিন চুড়ি, কানের দুল, নূপুর আর সুগন্ধি তেলের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ মা, শাশুড়ি বা ভাবিরা ব্যস্ত থাকেন গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে। বঁটি, চালুন, কুলা, শীতলপাটি থেকে শুরু করে মৃৎপাত্র আর কাঠের আসবাব কিছুই বাদ যায় না তাদের তালিকা থেকে।

মেলার মাঠ ঘুরে দেখা যায়, রসনা বিলাসের এক মহোৎসব। গুড়ের জিলাপি, গরম রসগোল্লা, শনপাপড়ি আর ছাঁচের মিষ্টির ম-ম গন্ধ টানছে সবাইকে। ফুচকা আর বাহারি শরবতের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। কেনাকাটার ফাঁকে ছোটদের পাশাপাশি বড়দেরও দেখা যায় নাগরদোলার আনন্দ নিতে, কিংবা দোলনায় দোল খাওয়া পুতুল নাচে মজে থাকতে।

ইতিহাস বলে, নব্বইয়ের দশকে এই মেলার জৌলুস ছিল আরও অনেক বেশি। প্রবীণদের ভাষ্য মতে, এক সময় তাড়াশ আর পার্শ্ববর্তী এলাকার নারীরা গরু-মহিষের গাড়িতে চড়ে দল বেঁধে মেলায় আসতেন। এমনকি সারাদিনের জন্য চুলা জ্বালিয়ে মেলার মাঠেই রান্না করে খাওয়ার এক চমৎকার প্রথা ছিল, যা অনেকটা আজকের দিনের পিকনিকের মতো। মেলা শেষে তারা ঘুরে দেখতেন বারুহাসের ইমামবাড়া, ভদ্রাবতী নদী আর চৌধুরীবাড়ির মতো ঐতিহাসিক স্থাপনাগুলো।

একুশ শতকের আধুনিকতার ছোঁয়ায় সেই পুরোনো জৌলুস কিছুটা ম্লান হলেও মেলার আবেদন ফুরিয়ে যায়নি। তাড়াশের প্রবীণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু বলেন, ‘নানা কারণে ভাদাই মেলার আগের সেই জাঁকজমক কমেছে। কিন্তু ২০০ বছরের এই বউমেলা আজও নারীদের সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে টিকে আছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চলনবিলের ভদ্রাবতীর তীরে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা’

Update Time : ০৭:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬