১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে ওই সময়ের নৃশংসতার (গণহত্যা, ধর্ষণ ও লাখো মানুষের বাস্তুচ্যুতি) এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। পরে এটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়।
প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শুরু হওয়া “অপারেশন সার্চলাইট”-এর সময় পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা ব্যাপক নৃশংসতা চালায়। সে সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিরা আক্রান্ত হন। বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্য করে গণহত্যা চালানো হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।
গ্রেগ ল্যান্ডসম্যান বলেন, জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী এই অভিযানকে গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল আগেই এই ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া।
প্রস্তাবে আরও বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনাগুলো সংরক্ষণ ও স্মরণ করা জরুরি, যাতে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
প্রস্তাবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মাধ্যমে কয়েকটি বিষয় স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— বাংলাদেশের মানুষের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চের হামলার নিন্দা জানানো; পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর নিপীড়নের স্বীকৃতি দেওয়া; এবং কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের সব সদস্যকে তাদের কোনো ব্যক্তির অপরাধের জন্য দায়ী না করা।
এছাড়া, পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের চালানো ওই সময়ের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















