বগুড়ার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কের খোলা চত্বর অন্যরকম এক উৎসবে মেতে উঠেছিল। সাধারণত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের শিশুদের হাতে মেহেদির আলপনা দেখা গেলেও, আজ সেখানে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। সুবিধাবঞ্চিত ২০ জনের বেশি পথশিশুর হাত রাঙিয়ে দিচ্ছিল একদল তরুণ-তরুণী। অরাজনৈতিক ও মানবিক সংগঠন বহুমাত্রিক ফাউন্ডেশন বগুড়ার এই আয়োজন ছিল শুধুমাত্র তাদের ঘিরেই।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকেই পার্কের আঙিনায় শিশুদের ভিড় জমতে শুরু করে। স্বেচ্ছাসেবী তরুণীরা গভীর মমতায় পথশিশুদের ছোট ছোট হাতগুলোতে মেহেদির নকশা এঁকে দেন। সামর্থ্যের অভাবে যাদের কাছে ঈদ আর দশটা সাধারণ দিনের মতোই, সেই শিশুদের চোখে-মুখে আজ ছিল আগাম উৎসবের আভা।
স্বেচ্ছাসেবীদের মধ্যেও ছিল অন্যরকম এক প্রশান্তি।
এই আয়োজনের অন্যতম সদস্য মেহজাবিন বিনতে রহমান শ্রুতি বলছিলেন তার অনুভূতির কথা। তিনি বলেন, ওদেরও তো অধিকার আছে ঈদের আনন্দ করার। আমরা সেই আনন্দটাই ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেখে নিজেরও খুব ভালো লাগছে।
আরেক সদস্য জান্নাতুল ফেরদৌস প্রিয়সী যোগ করেন, আমরা তো সাধারণত পার্লারে বা নিজেরা নিজেদের হাতে মেহেদি পরি। কিন্তু এই ছিন্নমূল বাচ্চারা তো সেই সুযোগ পায় না। ওদের সঙ্গে এই আনন্দটুকু ভাগ করে নিতে পেরে আমরা এক ধরনের মানসিক শান্তি পাচ্ছি।
মেহেদি উৎসব শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদের বিশেষ কার্ড ও খাদ্যসামগ্রী। সংগঠনের সদস্যরা জানান, এই শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত বহুমাত্রিক ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক শেখ শাব্বাব আল দ্বীন কাব্য বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণ হয় যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ একসঙ্গে তা উদযাপন করে। পথশিশুরাও যেন উৎসবের অংশ হতে পারে, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আমাদের এই আয়োজন।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন বগুড়া শাখার সাধারণ সম্পাদক নাঈম হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত এবং শামীম আহমেদসহ সংগঠনের অন্যান্য কর্মীরা। প্রতিষ্ঠার পর থেকেই বহুমাত্রিক ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য রক্ষায় কাজ করে আসছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























