লাইলাতুল কদর বা কদরের রাত ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এ রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে এই রাতের মর্যাদা বর্ণনা করা হয়েছে সূরা কাদর এবং সূরা দুখান-এ।
তবে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও রমজানের কোন রাতটি লাইলাতুল কদর—তা নির্দিষ্ট করে বলা হয়নি। বরং হাদিসে বলা হয়েছে, এটি রমজানের শেষ দশকের কোনো এক রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোর মধ্যে হতে পারে।
ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিররা বলেন, আল্লাহ তাআলা বিশেষ হেকমতের কারণেই এই রাতকে গোপন রেখেছেন। প্রসিদ্ধ মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাযী তাঁর তাফসির গ্রন্থ আত-তাফসিরুল কাবিরে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন।
১. যাতে মানুষ সব রাতেই ইবাদতে মনোযোগী হয়
যদি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হতো, তাহলে মানুষ হয়তো শুধু সেই রাতেই ইবাদত করত। কিন্তু রাতটি গোপন থাকার কারণে মুমিনরা রমজানের শেষ দশকের প্রতিটি রাতেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে।
২. গুনাহ থেকে মানুষকে দূরে রাখার জন্য
যদি নির্দিষ্ট রাতটি জানা থাকত, কেউ যদি সেই রাতে জেনে-শুনে গুনাহ করত, তাহলে তার অপরাধ আরও গুরুতর হয়ে যেত। তাই বান্দার প্রতি দয়া করে আল্লাহ তাআলা রাতটি নির্দিষ্ট করে দেননি।
৩. অনুসন্ধানের মধ্যেও সওয়াব রয়েছে
এই রাতের খোঁজে মানুষ বেশি করে নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদত করে। সেই আন্তরিক প্রচেষ্টার জন্যও আল্লাহ অতিরিক্ত সওয়াব প্রদান করেন।
৪. বান্দার আন্তরিকতা প্রকাশ পায়
যেহেতু মানুষ নিশ্চিতভাবে জানে না কোন রাতটি লাইলাতুল কদর, তাই সম্ভাব্য সেই রাতের আশায় সে প্রতিটি রাতেই ইবাদতে মনোযোগী হয়। এতে আল্লাহর কাছে বান্দার আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ পায়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























