বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাস্তায় নামবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথ সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন-সংগ্রাম রাজপথে গড়াবে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো আকস্মিক দল নয়; বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টার ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল রাজপথের শক্তি আর নাগরিক কমিটি ছিল তরুণ নেতৃত্বের প্ল্যাটফর্ম।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সংস্কার এবং ন্যায়বিচারের রাজনীতি করতে চায়। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হয়, তবে দেশের তরুণরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। ২০২৪-২৫ সময়টি সারাবিশ্বে জেন-জি আন্দোলনের বছর। নেপালসহ বিভিন্ন দেশে তরুণরা সফল হচ্ছে এবং বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকবে।
তিনি জানান, এনসিপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক মহলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এই বই পাঠ করলে সাধারণ মানুষ ও গবেষকরা দলটির প্রকৃত অবস্থান ও লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এবারের নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি আসনে জয় পেয়েছে। তাঁর ভাষায়, ৩০টি আসনে নির্বাচন করে ৩ শতাংশ ভোট পাওয়া কম কিছু নয়। ভোটের অনুপাতে আমরা তৃতীয় অবস্থানে উঠে এসেছি– এটাই আমাদের বড় সফলতা।
বইয়ের লেখক মাহাবুব আলম বলেন, এই বই এনসিপিকে নিয়ে লেখা প্রথম প্রামাণ্য দলিল। এতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এ বই সাধারণ পাঠক, দলীয় কর্মী এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আগ্রহী গবেষক ও শিক্ষাবিদদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার, বইটির প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রাহমান প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























