শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালসীমাটি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত (৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মিলিত) ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
কার্যালয়ের সামনে থাকা একটি চা দোকানের মালিক মো. মিন্টু মিয়া জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। সে সময় অফিসের ভেতরে আলো জ্বলতে দেখেছেন। পরে তিনি বাড়ি চলে যান। তার ধারণা, রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় আগুনের ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন। তারা ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল অভিযোগ করে বলেন, শনিবার স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের একটি বড় পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ঈর্ষান্বিত হয়ে এই হামলা চালিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জনসমর্থনের চিত্র দেখে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















