শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কল্যাণ চায় না বলেই তারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা কখনো বিশ্বাসযোগ্য নয়। একমাত্র বিএনপিই পারে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে মানুষের চাহিদা পূরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, একটি দল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ১২ তারিখের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় পঞ্চগড়-২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে জামায়াতকে স্বাধীনতাবিরোধী ও নারী বিদ্বেষী আখ্যা দিয়ে তাদের আগামী ১২ তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ফরহাদ হোসেন আজাদ, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সফিউল আলম সুফিসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























