শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৯ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তার পিতৃভূমি বগুড়ায় পৌঁছেছেন। বগুড়ার আলো, বাতাস, মাটি ও মানুষের একান্ত আপনজন তারেক রহমানের আগমনী ধ্বনীতে বগুড়ার প্রকৃতি যেন নতুন রুপে সাজে।
রাজশাহী-নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে তিনি রাত প্রায় ১২টায় এসে পৌঁছান বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ জনসভাস্থলে। সন্ধ্যা ৭টায় তারেক রহমানের সভাস্থলে পৌঁছার কথা ছিল। কিন্তু রাত ৮টায় বগুড়ায় প্রবেশ করেও জনসমুদ্র ঠেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছতে সময় লেগে যায় প্রায় ৪ ঘন্টা। রাত ১২টায় তখনও লোকে লোকারণ্য ছিল সভাস্থল।
বগুড়ার জনসভায় তারেক রহমান বলেন, আজ আপনাদেরকে কিছু দিতে আসিনি, নিতে এসেছি। বগুড়ার মানুষ হিসেবে শুধু বগুড়া নয় ‘সারা বাংলাদেশের জন্য কাজ করতে চাই’। তিনি আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করে বলেন, আজ ১৯ বছর পরে আপনাদের পাশে আসতে পেরেছি। নিজের ঘরে এসে কি বলবো, আমি নিজেও তাল হারিয়ে ফেলেছি। ঘরের মানুষের কাছে তো কিছু বলার নেই। তিনি বলেন, আমি সন্তান হিসেবে বলবো, না প্রার্থী হিসেবে বলবো, এ সময় উপস্থিত লাখো জনতা সমস্বরে বলেন, এলাকার সন্তান, এলাকার ভাই হিসেবে বলেন।
তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় করা উন্নয়নমূলক কাজের উদাহরণস্বরূপ বলেন, সরকারের আইন-কানুনের মধ্য থেকে বিধি অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে তা করেছি। তিনি বলেন বগুড়া ছিল আমার কাছে মডেল জেলার মত। আমি চিন্তা করেছিলাম বাকি ৬৩ জেলা কিভাবে সাজাবো। শুধু বগুড়াকে নিয়ে চিন্তা করলে হবে না। সারা বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। সারাদেশের উন্নয়ন করতে হবে। তারেক রহমান আরো বলেন, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে চাকরি হবে। বিগত ১৫ বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। ১৫ বছর শুধু বগুড়া নয় সারাদেশই পিছিয়ে ছিল।
তারেক রহমান প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, এই আসন ছিল আমার মায়ের। সেই আসনেই আমি নির্বাচন করছি। বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে সুষম উন্নয়ন হবে। তিনি তার সহধর্মিনী ডা: জোবায়দা রহমানকে দেখিয়ে বলেন, আমার চলার পথে সে সহযোগিতা না করলে এ পর্যায়ে আসতে পারতাম না। বক্তব্যের শেষে বগুড়ার বাকী ৬টি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একই সাথে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। তারেক রহমান বগুড়া সদর আসনে তার জন্য বগুড়ারবাসির কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গণদোয়া করা হয়।
আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।
বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-২ আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের প্রার্থী আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৭ আসনের প্রার্থী মোরশেদ মিল্টন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, ফজলুর রহমান খোকন,আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, এ কে এম আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহমেদ খান রুবেল, এড. আব্দুল বাছেদ, বার কাউন্সিলের সদস্য এড. শফিকুল ইসলাম টুকু , ফজলুল বারী তালুকদার বেলাল, ডা: শাহ মোহাম্মদ শাজাহান, ডা: আজফারুল হাবিব রোজ, এড. সাইফুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ার পারভেজ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহাউদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির সাংগনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমানের আগমনের আগ পর্যন্ত চলে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য। বাংলাদেশের উন্নয়নের রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা তারেক রহমান ইতোপূর্বে ১১ জানুয়ারি বগুড়ায় আসার কথা থাকলেও বিধি-নিষেধের কারণে তিনি তার প্রিয়ভূমিতে আসতে পারেননি। নির্ধারিত সময়ের ১৯ দিনের মাথায় তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়ায় এসেছেন।
গত ২৫ ডিসেম্বর তিনি তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের সাথে, নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে ফিরে আসেন। এর পাঁচদিন পর তার মা বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মারা যান। তারেক রহমান জাতীয় সংসদে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























