শেরপুর নিউজ ডেস্ক:
চট্টগ্রামে তুচ্ছ বিষয় নিয়ে এক সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার অনেকেই সাক্ষী হলেও ওই অটোরিকশা চালককে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি।
বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায়। মারধরের শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ৯ জন ব্যক্তি মিলে খোরশেদকে মারতে মারতে রাস্তায় ফেলে দেন। পড়ে যাওয়ার পরও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাঁকে পেটানো হয়। গলির রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটি দেখছিলেন অনেকে। কিন্তু কেউই এগিয়ে আসেননি।
গত বুধবার রাতে ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় অটোরিকশা চালক খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটি করছেন তিন ব্যক্তি। খোরশেদকে শুরুতে তারা ধাক্কা দিতে থাকেন।
এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায়ও তাকে বেধড়ক পেটানো হয়। খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে তাকে মারতে থাকা ব্যক্তিরা চলে যান।
নিহত অটোরিকশা চালক খোরশেদের মাথায় ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। ভিডিও দেখে মারধরে জড়িত ব্যক্তিদের মধ্যে পুলিশ মো. হোসেন নামের একজনকে চিহ্নিত করেছে। আটক করা হয়েছে আরও একজনকে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, নিহত খোরশেদ ও আসামিদের মধ্যে পূর্বশত্রুতা কিংবা বিরোধের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁদের মধ্যে। এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় খোরশেদকে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























