শেরপুর নিউজ ডেস্ক:
নির্বাচনের আগেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিরোধী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এমন সিদ্ধান্তকে ‘সঠিক ও সাহসী পদক্ষেপ’ উল্লেখ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম ও সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমসহ দলটির শীর্ষ নেতাদের আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এ অভিনন্দন জানান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক।
বিবৃতিতে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে পরামর্শ দিয়েছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে অন্যদের এক হওয়ার আহ্বান করেছি। বাতিলপন্থীদের কারো সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থিদের সঠিক পথচলা খুবই প্রয়োজনীয় ছিলো। ইসলামপন্থি রাজনীতিকদের জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।
হেফাজত আমির আরও বলেন, ‘জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। পীর সাহেব চরমোনাইর সঠিক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সঠিক পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনকে বিশেষভাবে মুবারকবাদ জানাই এবং হকপন্থী দাবিদার অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোকে মওদুদীবাদী জোট ত্যাগ করার জন্য আহবান জানাচ্ছি।
হেফাজত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন-এমনটা দাবি করে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এই সংগঠন কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাজ করে না। তবে আমরা ক্ষমতায় যেই আসুক, তাদের সবাইকে বলব, তারা যেন ইসলাম বিরোধী কোন আইন প্রণয়ন না করে। আর দেশবাসীকে বলব, যারা নবীদের নিষ্পাপ ও সাহাবায়ে কেরামেকে সত্যের মাপকাঠি মনে করে না তাদের থেকে নিজেদের ঈমান-আকিদাকে রক্ষা করার পূর্ণ চেষ্টা করবেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























