শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার সারিয়াকান্দিতে গত কয়েক দিন ধরেই ঘন কুয়াশা এবং কনকনে শীত বিরাজ করছে। উপজেলার চরাঞ্চলের বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়ায় তাদের শীতের কাপড়ের অভাব রয়েছে। সরকারি বা বেসরকারিভাবে তেমন শীতের কাপড় বিতরণ করা হয়নি। ফলে গরিব অসহায় মানুষরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা অবিলম্বে শীতবস্ত্র বিতরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
বগুড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- মঙ্গলবার সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বিকাল ৩টায় সর্বোচ্চ ১৬.১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে ফগলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, বর্তমানে বগুড়াসহ কয়েকটি জেলায় মৃদু শৈতপ্রবাহ চলছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এ অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে।
প্রচণ্ড শীতের কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছেন না। সন্ধ্যার পর রাস্তা জনশূন্য হয়ে যাচ্ছে। কুয়াশা বৃষ্টির মতো ঝরে পড়ছে। অতিরিক্ত শীতে কৃষক শ্রমিকরা মাঠে কাজে বের হতে পারছেন না। ঘন কুয়াশার কারণে যমুনায় নৌযান চলাচল করতে পারছেনা। কুয়াশার কারণে তারা পথ হারিয়ে ফেলেছেন।
যমুনা এবং বাঙালি নদীবেষ্টিত হওয়ায় সারিয়াকান্দি উপজেলার বেশিরভাগ এলাকায় চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলের মানুষ দরিদ্র। প্রচণ্ড শীতে তাদের গরম কাপড়ের অভাব রয়েছে। সরকারি বা বেসরকারিভাবে তেমন শীতবস্ত্র বিতরণ করা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকেই কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার কারণে যাত্রী সংখ্যাও কম। আমাদের ভালো কোনো শীতের কাপড় নেই। তাই রাতে আমরা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছি। এখনো সরকারি বা বেসরকারিভাবে গরম কাপড় পাইনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























