“মুন্সী সাইফুল বারী ডাবলু”
একুশে পদকপ্রাপ্ত, দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, ‘চারণ সাংবাদিক’ মোনাজাত উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী । ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। চারন সাংবাদিক মোনাজাত উদ্দিন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক জনকণ্ঠের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি ছিলেন। পত্রিকার প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য গাইবান্ধায় ছুটে গিয়েছিলেন। সেখানে ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্ট থেকে ফেরিযোগে নদী পারাপারের সময় পা পিছলে নদীর পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সেদিন চির বিদায়ের সাথে তিনি সবার কাছে প্রশ্ন রেখে যান ‘সত্যি কি পা পিছলে পড়েছিলেন’ নাকি ‘কোনো ষড়যন্ত্রে তিনি চলে গেছেন না ফেরার দেশে’?
তার কর্মজীবনের বেশিরভাগ সময় (প্রায় দেড় যুগ) দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদ এর উত্তরাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন।
মোনাজাত উদ্দিন তার সমগ্র কর্মজীবনে (তিন দশকেরও বেশি) উত্তরাঞ্চলসহ সারাদেশের পথে-প্রান্তরে ঘুরে ঘুরে মানুষের জন্য সংবাদ সংগ্রহ করেছেন। মফস্বল সাংবাদিকতার দিকপাল চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন একজন সফল গবেষকও ছিলেন। তার লেখনিতে উঠে এসেছিল গ্রাম-বাংলার অজানা অনেক কথা।
তিনি খবর সংগ্রহের জন্য ১৯৯১ সালের মে মাসে (তারিখটা এখন আর মনে নেই) বগুড়ার শেরপুরে এসেছিলেন। শেরপুরে এসে জেলা পরিষদের ডাকবাংলোয় (জেলা পরিষদ অডিটরিয়ামের স্থানে আগে ডাকবাংলো ছিল) উঠেছিলেন। তিনি শেরপুরে এসেই খবর দেন বিশিষ্ট সাংবাদিক প্রয়াত দীপংকর চক্রবর্তীকে। দীপংকর চক্রবর্তী আমাকে সাথে নিয়ে সকাল দশ টার দিকে ডাকবাংলোয় গমন করেন। সেখানে গিয়ে মোনাজাত উদ্দিনের সাথে আমার প্রথম দেখা হয়। আমি তখন বগুড়ায় দৈনিক উত্তরবার্তা পত্রিকায় মফস্বল ডেস্ক ইনচার্জ হিসেবে কাজ করি। কুশল বিনিময়ের পর তিনি শেরপুর এলাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চান এবং প্রাচীন ঐতিহ্য গুলো ঘুরে দেখতে চান। তিনি প্রথমেই শেরশাহ এর দুর্গসহ ঐতিহ্যবাহী ভবানীপুর মন্দির দেখতে চান। এসময় আমি তাকে আমার বাসায় মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানাই। তিনি সাথে সাথেই আমার আমন্ত্রণ গ্ৰহন করেন। বাসায় খবর দিয়েই আমরা তিনজন (মোনাজাত উদ্দিন দীপংকর চক্রবর্তী ও আমি) বেড়িয়ে পরি ভবানীপুরের উদ্দেশ্যে। ভবানীপুর থেকে বাসায় ফিরে এসে তিনটার দিকে তিন জন একসাথে দুপুরের খাবার খেতে খেতে সাংবাদিকতা সম্পর্কে আরও অনেক কথা হয় ওনার সাথে। ঐদিন বিকালে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ সহ খন্দকার টোলা এলাকায় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং নানা রকম তথ্য উপাত্ত সংগ্রহ করেন। সন্ধ্যায় আবার ফিরে আসি ডাকবাংলোয়। পরদিন সকালে তিনি রংপুরের উদ্দেশ্য চলে যান।
ঐদিন তিনি আমাকে জাতীয় দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করতে অনুপ্রাণিত করেছিলেন। ওনার অনুপ্রেরণা পেয়ে আমি দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করার সুযোগ খুঁজতে থাকি। এরপর ২০০১ সাল থেকে দৈনিক সংবাদ এ কাজ করার সুযোগ পেয়েছি। এখনও দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি।
উত্তরাঞ্চলের অহংকার চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৪ সালে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী স্মৃতি পদক, দৈনিক সংবাদে প্রকাশিত ‘মানুষ ও সমাজ’ প্রতিবেদনের জন্য ফিলিপস পুরস্কার, ১৯৮৭ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পুরস্কার, ১৯৯৫ সালে অশোকা ফেলোশিপ লাভ করেন। ১৯৯৭ সালে গণমানুষের সাংবাদিক হিসেবে তিনি মরণোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক লাভ করেন।
মফস্বল সাংবাদিকতায় দৃষ্টান্ত হয়ে থাকা দেশবরেণ্য এই সাংবাদিকের জন্ম হয়েছিল ভাওয়াইয়ার দেশখ্যাত রংপুরের উর্বর ভূমিতে। ১৯৪৫ সালের ১৮ জুন রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মৌলভী আলীম উদ্দীন আহমেদ আর মা মতিজান নেছা।
০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের সাথে একদিন
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:৪৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৫৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



























