শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া লেখক চক্রের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। সভাপতিত্ব করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা, লোকগবেষক ড. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
উদ্বোধনী পর্বে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ‘নিওর’, স্যুভেনির, দুটি সেমিনার পেপার এবং অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহর প্রবন্ধগ্রন্থ ‘কবির দায়, কবিতার মুক্তি’ উন্মোচন করা হয়। বাচিক শিল্পী অলক পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কবি আমিনুল ইসলাম, লেখক চক্রের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, কবি-প্রাবন্ধিক অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ, উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, বগুড়া ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু, সাংবাদিক মহসিন আলী রাজু, কালাম আজাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, তাহেরা-ইউনুছ হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান ও নাট্যকর্মী রবিউল করিম হৃদয়। দুই দিনব্যাপী কবি সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি দুটি সেমিনার, তিনটি আলোচনা পর্ব এবং চারটি স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।
সম্মেলন কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে বসেছে একটি মিনি বইমেলা। মেলায় বাংলা একাডেমি ও বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই পাওয়া যাচ্ছে। লিটল ম্যাগাজিন ও পিঠার দোকানও মেলার আকর্ষণ বাড়িয়েছে। উদ্বোধনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে কবিরা নেচে-গেয়ে আনন্দে অংশ নেন।
আজ শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান। ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে এ বছর পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদ।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন– কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধে সৈকত হাবিব, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























