শেরপুর নিউজ ডেস্ক:
ব বগুড়ার শেরপুরে মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক মধ্যবয়সী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের দুদুর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় রাবেয়া বেগম মুরগিগুলো ঘরে তোলার জন্য বের হন। একটি মুরগি খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি ঘরের পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম ময়নুদ্দীন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























