শেরপুর নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতাকে হত্যার দায়ে ছেলে জসিম উদ্দিন (৪৩) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে বাবা লিল মিয়া (৭৫) ও ছেলে জসিম উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ‘ছাহাইট’) এনে বাবার মাথায় উপুর্যুপরি আঘাত করে ছেলে। এতে লিল মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ঘটনার পর নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় ছেলে জসিম উদ্দিনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ এপ্রিল চার্জশিট দাখিল করে।
পরবর্তীতে আদালত একই বছরের ২৭ আগস্ট মামলাটি আমলে নেয় এবং ৭ অক্টোবর পেনাল কোডের ৩০২ ও ৩২৩ ধারায় চার্জ গঠন করে বিচারকাজ শুরু হয়। সকল সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেলেন।মামলায় আসামী পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























