শেরপুর নিউজ ডেস্ক :
মেঘলা আকাশ আর চারপাশে জলরাশি। যতদূর চোখ যায় দেখে মনে হতে পারে শরতের আকশটা দূরে গিয়ে মিলেছে জলরাশির সঙ্গে। আর একটু একটু দুরুত্বে দাঁড়িয়ে আছে পানসি নৌকা। ঘড়ির কাঁটা বেলা ৩টায় পৌঁছাতেই হঠাৎ ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পানসি নৌকা, বৈঠা আর জলরাশির সুর মিলিয়ে তৈরি হচ্ছে এই ছন্দ।
করতালি, বাঁশি আর উল্লাসে সেই সেই ছন্দে তাল মেলাচ্ছে দুই পাড়ের লাখো মানুষ। প্রায় ৪০ বছর পর চলনবিল ঘিরে এমন আয়োজনের সাক্ষী হলে নাটোর গুরদাসপুরের বাসিন্দারা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে শুরু হয় নৌকাবাইচের সেই বহুল প্রতীক্ষিত মহোৎসব। নাটোরের জেলা প্রশাসকের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকাবাইচটি বাস্তবায়ন করে গুরুদাসপুর উপজেলা প্রশাসন।
দীর্ঘ বছর পর চলনবিলে নৌকা বাইচের আয়োজনকে কেন্দ্র করে দুই পাশে জমে মানুষে ভিড়। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিলের দুই পাড়। দূর-দূরান্ত থেকে আসা ১২টি পানসি নৌকার অংশগ্রহণে চলনবিলের গুরুদাসপুরের বিলশায় অনুষ্ঠিত হয় এই বাইচ। এতে দর্শকদের উপস্থিতি, উচ্ছ্বাস-উদ্দীপনা, আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে প্রাণবন্ত করে তোলে।
বিকেল তিনটায় বাইচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বাইচ দেখতে চলনবিলে হাজির হন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১২টি নৌকার অংশ গ্রহণে সাত রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। বিলশার মা জননী সেতু থেকে শুরু করে কাঁটাবাড়ি বিল পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বিলের পানিতে ভাসমান অবস্থায় দর্শক এবং ভাসমান নান্দনিক মঞ্চে বসে বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন অতিথিরা। ৬ রাউন্ড শেষে সেরা তিনটি নৌকা বাছাই করা হয়। ফাইনাল রাউন্ডে ‘বাঙলার বাঘ’ ও ‘আল মদিনাকে’ পেছনে ফেলে ‘নিউ একতা এক্সপ্রেস’ বাইচে প্রথম হয়।
প্রথম দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় দলকে দেওয়া হয় রেফ্রিজারেটর এবং এলইডি টেলিভিশন।
আয়োজকদের দাবি, এই গ্রামীণ উৎসব দেখতে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার লাখখানেক দর্শকের সমাগম হয়েছিল। তুমুল বৃষ্টিও এই নির্মল বিনোদন থেকে তাঁদের বিচ্ছিন্ন করতে পারেনি। প্রতিযোগিতা শুরুর পাঁচ ঘণ্টা আগে থেকে মানুষ দুই পাড়ে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যা অবধি অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এত দর্শকের উপস্থিতিই প্রমাণ করে চলনবিলের মানুষের কাছে এখনো এটিই সেরা প্রতিযোগিতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ইত্তেফাককে বলেন, জীবনের প্রথম এতো দর্শকের উপস্থিতিতে নৌকাবাইচ উপভোগ করেছি। দর্শকদের আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা নৌকাবাইচকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। লাখো দর্শকের এই আগমন আদি বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে। নৌকাবাইচটি সফলভাবে আয়োজন করতে পেরে আয়োজক হিসেবে ভালো লাগছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, চলনবিলের পানিতে গোসল করে নৌকায় ভেসে বড় হয়েছি। কয়েক দশক ধরে চলনবিলের উন্মুক্ত জলরাশিতে নৌকাবাইচ হয়নি। এতো বড় আয়োজন এবং পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এলাকার লাখো দর্শকের অংশ গ্রহণ তাকে মুগ্ধ করেছে। আগামীতেও এই ধরণের আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























