বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরে বাজেট ছিল ১১৬ কোটি ৪৯ লাখ টাকার।
রোববার বিকালে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। বাজেটে বাড়তি করারোপ না করে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক মহানগর গড়ে তুলতে ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাজেট সূত্র জানায়, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেটে মোট এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার আয় দেখানো হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতের কর ৭৯ কোটি ৪০ লাখ টাকা, সরকারি অনুদান চার কোটি ৪৬ লাখ টাকা, অন্যান্য রাজস্ব ১০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৮০ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ৬১৬ কোটি ৫০ লাখ টাকা, প্রকল্প হিসাব ৬৮০ কোটি টাকা। এছাড়া প্রারম্ভিক রাজস্ব খাত ১২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা, এডিপি উন্নয়ন হিসাবে ১৩ কোটি ৫০ লাখ টাকা। এই বাজেটে বিভিন্ন খাতে সমপরিমাণ অর্থ ব্যয় হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বগুড়া সিটি করপোরেশনকে নতুন আঙ্গিকে সাজাতে ২৮ দফা পরিকল্পনা উল্লেখ করে বাজেট ঘোষণায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করাই এ বাজেটের মূল লক্ষ্য। বাজেটে সিটি করপোরেশনের জন্য প্রথমবারের মতো মাস্টার প্ল্যান প্রণয়ন, আধুনিক ‘নগর ভবন’ নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল ‘সপ্তপদী’ শপিং মল নির্মাণ, সাতমাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ছাড়াও তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন- বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বাজেট অনুষ্ঠান সঞ্চালনা করেন, বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, এনজিওকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























