নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কার্তিকাহার খাড়িতে গোসল করতে নামেন নুর ইসলাম। তিনি পানিতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর আর ভেসে ওঠেননি। স্বামীকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে পানিতে ঝাঁপ দেন স্ত্রী সুমাইয়া আক্তার। এরপর দুজনই পানির নিচে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দম্পতির মরদেহ বর্তমানে হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















