র্যাব-১২- বগুড়ার অভিযানে ৫২ মামলার আসামি মোঃ আমিরুজ্জামান পিন্টু (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত পিন্টু বগুড়া মহানগরের মালগ্রাম খন্দকারপাড়ার ডাক্তার আবু জাফরের ছেলে। তিনি রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান।
র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪ টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি অভিযানিক দল মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ বিভিন্ন অভিযোগে সর্বমোট ৫২ টি মামলা রয়েছে।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় আগে বগুড়ায় হাজারো গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমিরুজ্জামান পিন্টুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন আমানতকারীরা। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















