বিশাল আকৃতির ড্রাম ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ব্যাটারিচালিত অটোরিকশা। এতে ঘটনাস্থলেই প্রাণ গেল ওই অটোতে থাকা দুই যাত্রীর। আহত হলেন আরও পাঁচজন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সবাইকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান পুলিশ ও স্থানীয়রা। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক।
শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। কারও নাম-পরিচয় জানা যায়নি।
এই চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















