দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে ২০২তম ঐহিত্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত চার শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। প্রতিবছর ১৩ বৈশাখ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। গতকাল রবিবার উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়িতে বুড়া চিন্তামন ঘোড়ার মেলার উদ্বোধন করা হয়। আগে মাসব্যাপী মেলা হলেও এখন এক সপ্তাহ স্থায়ী হয় মেলাটি।
সরেজমিনে রবিবার দুপুরে দেখা যায়, মেলা উদ্বোধনের দুদিন আগে থেকেই মেলাবাড়ি ঈদগাহ, হাইস্কুল মাঠ, মাদ্রাসাসহ আশপাশের খোলা মাঠে বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী এ মেলা। মেলায় নাগরদোলা, গোলক ট্রেন, নৌকা রাইডসহ শিশু-কিশোরদের বিভিন্ন খেলনা, মাটির খেলনা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান বসেছে। গ্রামীণ বিভিন্ন খাবারের দোকানে গরম জিলাপি, মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ক্রেতাদের আকর্ষণ করছে। এ ছাড়া মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা তো আছেই। এতে সব বয়সী নারী-পুরুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিবছর বৈশাখ মাসের ১৩ তারিখে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ি মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। এবার মেলাটির অনুমতি এক সপ্তাহ হলেও দুদিন আগে থেকেই বসতে শুরু করে। এক সময় এই মেলার বিশাল ব্যাপকতা থাকলেও কালের বিবর্তনে সংকুচিত হতে হতে মেলাটি ছোট পরিসরে অনুষ্ঠিত হয়। মূলত ঘোড়া বেচাকেনা হয় বলে কৌতূহলবশত এই মেলায় জনসাধারণের উপস্থিতি বেশি থাকে।
দিনাজপুরের বিরল উপজেলা বাঙ্গীবেচা ঘাটের বাসিন্দা সুমি। শুধু ঘোড়া কেনাবেচা নয়, দিনাজপুর শহরে ঘোড়ায় টানা টমটম চলাচলের ব্যবসাও গড়ে তুলেছেন তিনি। পেশাটি পুরুষতান্ত্রিক বলে গণ্য হলেও সুমি থামেননি। দুই দশকের এই পথচলায় তিনি হারাননি, বরং ঐতিহ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। এবার তিনি ফুলবাড়ীর ২শ বছরের পুরনো মেলায় হাজির করেছেন ‘কালা রাজা’ নামের একটি বলিষ্ঠ ও প্রশিক্ষিত ঘোড়া। দাম হাঁকছেন সাড়ে চার লাখ টাকা। ক্রেতারা আপাতত তিন লাখ টাকা পর্যন্ত দর করছেন। সুমি বলেন, ঘোড়া শুধু পণ্য নয়, এটা আমাদের জীবনযাপনের অংশ। দাম কম হলেও এই মেলায় আসা মানে ঐতিহ্যকে টিকিয়ে রাখা। তাকে নিয়ে তার ঘোড়ার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি তাতে রাজি হননি। তবে ঘোড়ার দেখভালের জন্য রাখা লোককে পাঠিয়েছেন।
রংপুরের তারাগঞ্জ থেকে আসা ৪০ বছর বয়সী মজনু মিয়া মেলায় নিয়ে এসেছেন পাঁচটি ঘোড়া। তার বড় ঘোড়াটির নাম ‘নিউ পাওয়ার টেন’। দাম চাচ্ছেন ৭ লাখ টাকা, সাড়ে ৫ লাখ পেলেই ছেড়ে দেবেন। মজনু মিয়ার কথায়, আমার বাপ-দাদারা এই মেলায় আসতেন ঘোড়া কেনাবেচা করতে। এখন আমি আর আমার ছোট ভাই সেই ঐতিহ্য ধরে রেখেছি। মেলা শুধু ব্যবসার জায়গা নয়, এটা আমাদের পরিবারের স্মৃতির আড্ডা।
স্বপ্নপুরী এলাকা থেকে মোজাফফর সরকার ছয়টি ঘোড়া নিয়ে এসেছেন। তিনি বলেন, ৪০ বছর থেকে এই মেলায় আসেন। মেলায় ঘোড়া ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে বাড়িতে ঘোড়া লালন-পালন করেন। মেলার ইজারাদার মো. সফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পরও নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্য থেকে এই মেলায় ঘোড়া এসেছে। এখন বিদেশ থেকে ঘোড়া না এলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ঘোড়া আনেন মালিক ও ব্যবসায়ীরা। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা চেষ্টা করছি ব্রিটিশ আমলে শুরু হওয়া এই মেলার ঐতিহ্য ধরে রাখতে। মেলার উদ্বোধন বিষয়ে ইজারাদার জনান, প্রতিবছর কেউ না কেউ এসে মেলা উদ্বোধন করেন, কিন্তু এবার আমরা নিজেরাই মেলার উদ্বোধন করেছি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















