আর মাত্র ক’দিন পরেই ঈদুল ফিতর। ইতিমধ্যে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই শহর ছাড়ছেন অনেকে।
রাজধানীর মহাখালী ও সায়েদাবাদ বাস কাউন্টার ঘুরে দেখা যায়, টিকেট কিনতে যাত্রীদের উপচে পড়া ভিড়। যদিও যাত্রীরা বলছেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত তুলনামূলক স্বস্তিদায়ক। ভোগান্তি কম এবং দ্রুত টিকেট পাওয়ায় সন্তুষ্টির কথা জানান তারা।
পরিবারের কাছে ফেরার এই টান প্রতিটি যাত্রীর চোখে-মুখে। ময়মনসিংহগামী যাত্রী আসাদুল জানালেন, যান্ত্রিক জীবন ফেলে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটাই অন্যরকম।
বাসস্টেশনে দেখা হয় জামালপুরগামী এক যাত্রী সাথে। কথা বলে জানা যায় দীর্ঘ ৬ মাস পর বাড়ি ফিরছেন। ফোনের ওপাশে থাকা মা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য।
তবে, সবার যাত্রা মসৃণ ছিলো না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ক্লান্তিও আছে। কেউ কেউ রোজা রেখে সারাদিন অপেক্ষা করছেন একটি টিকেটের আশায়। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হবে জেনেও পিছপা হচ্ছেন না কেউ।
সড়কপথের এই ব্যস্ততা আগামী কয়েকদিনে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সুস্থভাবে বাড়ি পৌঁছানো আশা ঘরমুখো এই মানুষের।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















