“মুনসী সাইফুল বারী ডাবলু”
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক প্রখ্যাত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খান ১৯৩৮ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আমানউল্লাহ খান নিজগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। অতঃপর তিনি চান্দাইকোনা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এই প্রতিষ্ঠান হতে ১৯৫৫ খ্রিষ্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হন এবং ১৯৫৭ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি বগুড়া আজিজুল হক কলেজে থেকে ১৯৬৩ খ্রিষ্টাব্দে বিএ পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে ভর্তি হন।
আমানউল্লাহ খান ১৯৫৪ খ্রিষ্টাব্দে প্রবেশিকা শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় চান্দাইকোনায় যুক্তফ্রন্টের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন। ১৯৫৭ খ্রিষ্টাব্দে পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যয়নকালে পাবনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬১ খ্রিষ্টাব্দে বগুড়া আযিযুল হক কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এসময় তিনি একজন বলিষ্ঠ সংগঠক এবং সুবক্তা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৬২ খ্রিষ্টাব্দে সামরিক আইনের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং কারারুদ্ধ হন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলা থেকে মুক্তিলাভের পর তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে বগুড়া সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জনসভায় ভাষণ দেন। শেখ মুজিবুর রহমান তাকে খুবই স্নেহ করতেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে ঐতিহাসিক গণআন্দোলনে বগুড়ায় নেতৃত্ব দেন। এসময় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপন করে থাকা অবস্থাতেও কার্যক্রম চালিয়ে যান। ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি পুর্ব বাংলার ডেজিগনেট মুখ্যমন্ত্রী ক্যাপটেন এম মুনসুর আলীর প্রেস সেক্রেটারীর দায়ীত্ব পালন করেন। তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে বাকশাল গঠিত হলে তিনি বগুড়া জেলা বাকশালের দ্বিতীয় সম্পাদক মনোনীত হন এবং ১৯৭৮ খ্রিষ্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সম্মেলনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। তিনি ১৯৮২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৬৯-১৯৭৪ পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। ১৯৬৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি ছিলেন । তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন। আমানউল্লাহ খান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা আওয়ামী লীগ কর্তৃক গঠিত বগুড়া জেলায় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটির তিনি অন্যতম সদস্য ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি বলিষ্ঠ ভুমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তার নিজ গ্রামের ঘর-বাড়ি পাকসেনারা তাদের এদেশের দোশরদের সাথে নিয়ে জ্বালিয়ে দেয় এবং সর্বস্ব লুট করে। মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শেরপুরের পার্ক মাঠে (বর্তমান মহিলা কলেজ চত্বর) মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে তিনি প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন।
আমানউল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া তাকে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ দানের মাধ্যমে সাংবাদিকতায় যোগদান করেন এবং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৮ খ্রিষ্টাব্দে বগুড়ার ইতিহাস সিরিজের অন্যতম গ্রন্থ “আজকের বগুড়া” প্রকাশ করেন। এই সময়ে তাকে বগুড়া প্রেসক্লাবে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। তিনি ৩০ ডিসেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দে বগুড়া তথা উত্তরবঙ্গ হতে সর্বপ্রথম সংবাদপত্র “দৈনিক বাংলাদেশ” নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। আমান উল্লাহ খানের সম্পাদনায় কিছুদিনের মধ্যে পত্রিকাটি উত্তর জনপদে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। তিনি ১৯৭৩ খ্রিষ্টাব্দে সাধারন নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে সাংবাদিক ডেলিগেশনের অন্যতম সদস্য হিসাবে ব্যাংকক সফর করেন। তিনি জয়লা-গুয়াগাছি হাইস্কুল,জয়লাজুয়ান ডিগ্রী কলেজ কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি জয়লা হাসপাতাল,শেরপুর থানা সদরে হাসপাতাল ও পল্লী ইন্নয়ন একাডেমী বগুড়া প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন।
১৯৮৬ সালে শেরপুরে আমার রড সিমেন্টের দোকান থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা বাকি দিয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হই। পরে অবশ্য লক্ষাধিক টাকা বাকি আদায় হলেও এখনও প্রায় ঐ সময়ের লক্ষাধিক টাকা গ্রাহকদের নিকট বাকি রয়ে যায়। এদিকে উত্তরাঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা “দৈনিক বাংলাদেশ” নতুন করে ডিক্লারেশন নিয়ে প্রকাশনা শুরু করলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রখ্যাত সাংবাদিক সাবেক এমপি আমান উল্লাহ খান আমাকে দৈনিক বাংলাদেশ পত্রিকায় প্রথমে শেরপুর ব্যুরো প্রতিনিধি ও পরে কাজের সফলতা দেখে বগুড়ায় ষ্টাফ রির্পোটার হিসাবে নিয়োগ দেন। দৈনিক বাংলাদেশ পত্রিকায় বগুড়ায় ষ্টাফ রির্পোটার এবং কিছুদিন পরে মফস্বল বার্তা সম্পাদক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিদিন সকালে বগুড়ায় গিয়ে কাজ করে আবার বিকালে –বা রাতে শেরপুরে বাসায় ফিরে আসতাম। তার সাথে আমার রক্তের কোন সম্পর্ক না থাকলেও দূরতম আত্মীয়তার সম্পর্ক এবং এলাকার সাবেক এমপি হিসাবে তার সাথে আমার সব-সময় সু-সম্পর্ক ছিলো। দৈনিক বাংলাদেশ পত্রিকায় কাজ করার সুবাদে তার সাথে আমার পারিবারিকভাবে গভীর সম্পর্ক গড়ে উঠে। তিনি বর্ণাঢ্য সংগ্রামী জীবনের অধিকারি হলেও তার জীবনকে অনেক মায়া করতেন।
সম্ভবত ১৯৮৮ সালের কথা। একদিন শীতের রাত প্রায় ১০ টা বাজে। আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম। হটাৎ কে যেন দরজায় কড়া নাড়ছে। জিজ্ঞাসা করতেই গুরু গম্ভীর গলায় বলে উঠলেন আমরা থানা থেকে এসেছি জ্বলদি দরজা খুলে দেও। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। কারন তখনও এরশাদ বিরোধী আন্দোলন চলছে। পুলিশ কখন কাকে আটক করে তাতো বলা যায়না। তারপর আবার থানা থেকে এসেছে। তবুও মনে খুব সাহস করলাম, সাংবাদিকতা করি থানা থেকেতো কেউ আসতেই পারে। দরজা খুলতেই দেখি দারোগা পুলিশ কেউ নয় সে আমাদের আমান ভাই। ঘরে ঢুকতে ঢুকতেই তিনি বলবেন সরকার বেটা চল এখনই এক জায়গায় যেতে হবে। আমি আপত্তি জানিয়ে বললাম ভাই শীতের রাতে এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। তিনি বললেন জীপ নিয়ে এসেছি শীত আমাদের কিছুই করতে পারবেনা। কোথায় যাবেন বলতেই তিনি কিছুটা রেগে গিয়ে বললেন তোমার বড় ভাবীর বাপের বাড়ী ধুনট উপজেলার রঘুনাথপুর গ্রামে। মাঘের শীত তবুও তার কথা ফেলতে পারলাম না। আমি আর আমান ভাই জীপে উঠে বসলাম। তীব্র শীত ও ঘন কুঁয়াশা জীপের ড্রাইভার খুব ধীর গতিতে জীপ চালাচ্ছে। রাত প্রায় ১১ টায় আমরা বথুয়াবাড়ী ঘাটে পৌছিলাম। বথুয়াবাড়ী ঘাটে তখনও কোন ব্রীজ হয়নি। কাঠের জোড়া নৌকা দিয়ে রিকসা ভ্যান রাশিয়ান ডজ গাড়ী সহ ছোট ছোট গাড়ী পারাপার হয়। আমাদের জীপটি পার হওয়ার পর আমান ভাই ঘাটের মাঝি মাল্লাদের বল্লেন রাত কয়টা পর্যন্ত নৌকা চলে। তাদের একজন উত্তর দিলো রাত ১১ টা পর্যন্ত। তিনি মাঝি মাল্লাদের রাত সাড়ে ১১ টা পর্যন্ত ঘাটে থাকতে অনুরোধ করলেন। এরপর আমরা ধুনটের দিকে রওনা হলাম। ধুনট পৌছার পর সব দোকানপাঠ বন্ধ দেখে তিনি বল্লেন বঘুনাথপুর একটি অজপাড়াগাঁও সেখানে গিয়ে রাতে যদি কোন অসুখ বিসুখ হয় তাহলে এই গভীর রাতে কোন ডাক্তার বা ওষুধ কোন কিছুইতো পাওয়া যাবেনা তার চেয়ে বরং আমরা শেরপুরে ফিরে যাই। যে কথা সেই কাজ তিনি ড্রাইভার কে বল্লেন এই ড্রাইভার জীপ ঘোরাও। আমরা ফিরে এলাম। বথুয়াবাড়ী ঘাটে এসে দেখি নৌকা বন্ধ। মাঝি মাল্লারা নৌকা বন্ধ করে বাড়ী চলে গেছে। তখন কি উপায় ,হটাৎ দু’জন পরিচিত লোকের দেখা পাওয়া গেল। তাদের মাধ্যমে বাড়ী থেকে দু’জন মাঝিকে ডেকে এনে রাত ১ টায় নদী পার হয়ে শেরপুরে অমার বাসায় ফিরে আসি। বাসায় কিছুক্ষন বিশ্রাম নিয়ে ভোর ৫ টায় আবারও রঘুনাথপুরের উদ্দ্যেশ্যে যাত্রা করে সকাল ৭ টায় আমরা সেখানে গিয়ে পৌছি। তালুকদার বাড়ীর জামাই বলে কথা। শীতের সকালে নানা রকম পিঠা পুলি বিভিন্ন পদের তরকারী দিয়ে গরম গরম ভাত খেয়ে ১০ টার মধ্যেই ভাবীকে সাথে নিয়ে আমরা শেরপুরে ফিরে আসি। তখনকার দিনের স্মৃতিকথা শুধু একটি প্রবন্ধে লিখে শেষ করা যাবেনা।
আমানউল্লাহ খান সাংসারিক জীবনে ২ স্ত্রী ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। ৩ ভাই ও ২ দুই বোনের মধ্যে তিনি সকলের বড় ছিলেন। তার পিতার নাম ছিল মরহুম ক্ষিদির উদ্দিন খান। তার ভাইদের মধ্যে মেজো ভাই আকরাম হোসেন খান দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ছিলেন, ছোট ভাই মেজর জাফর উল্লা খান সেনাবাহিনী চাকুরি করতেন। তার বড় বোনের নাম আমার স্মরন নেই তবে ছোট বোনের নাম আফরোজা খাতুন। তিনি তার বৃদ্ধ মাকে খুবই সেবা যতœ করতেন। ১৫ মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ১৫ মার্চ মাগরিব নামাজের পর বগুড়া প্রেসক্লাবে প্রথম নামাজে জানাজা ও ১৬ মার্চ সকাল ১০ ঘটিকায় শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা এবং বেলা ১১ ঘটিকায় নিজ গ্রামে (জয়লা জুয়ান) তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রখ্যাত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৮:০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ২৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























