শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আফরিনা রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করতেন।
বিষয়টি নিয়ে পত্রিকায় লেখালেখি হলে তার ইচ্ছায় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মণ এ তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আফরিন রহমান বগুড়া সদরের আতাউর রহমানের মেয়ে। তিনি গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান (এসটিআরসিএ) কর্তৃক সহকারী শিক্ষক (গণিত) পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। বিধিমোতাবেক আফরিনা রহমান গত ২০২৩ সালের ১ অক্টোবর বগুড়ার ধুনটের ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে তিনি মাসে একদিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় পুরো মাসের সই করতেন। এরপর ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করতে থাকেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের টনক নড়ে।
ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, পারিবারিক সমস্যার বিষয় উল্লেখ করে আফরিনা রহমান অব্যাহতির জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার তার আবেদনটি মঞ্জুর করেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩ মার্চ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মণ জানান, ওই শিক্ষকের বিষয়টি তার আগে জানা ছিল না। এ নিয়ে পত্রিকায় রিপোর্ট হওয়ার পর শিক্ষক আফরিনা রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শিক্ষক আফরিনা গত ২৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি গ্রহণের আবেদন করেন। তার আবেদনটি আমলে নিয়ে বিধিমোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















