শেরপুর নিউজ ডেস্কঃ
সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা সভায় সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকার প্রথম সভা।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দেন। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, লুট করা অস্ত্র যে করেই হোক, নির্বাচনের আগে যত দ্রুত পারা যায়, উদ্ধার করতে হবে।
নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের অনেকের পেছনের ইতিহাস আমরা জানি। তারা গত সাড়ে ১৫ বছরে কী রকম দালালি করেছেন, সেটি আমাদের অজানা নয়। তাই এ ধরনের বক্তব্যে আমরা অবাক হচ্ছি না।’ তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে, সবাই কথা বলতেই পারেন। তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখেই নির্বাচন হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।
ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে বরাদ্দ
নিকারের বৈঠকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিএমপিকে ভাগ করা নিয়ে আলোচনা
প্রেস সচিব বলেন, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ৫০টি থানা রয়েছে, যা একটি ‘বিশাল কর্মযজ্ঞ’। এই কাঠামোকে আরও কার্যকর করতে ডিএমপিকে উত্তর-দক্ষিণসহ একাধিক অংশে ভাগ করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গঠিত অধিদপ্তরকে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনের বিষয়টিও ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় হামলায় র্যাবের একজন নিহত হওয়ার ঘটনায় বাহিনীর মনোবল ও নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কিনা– এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, বৈঠকে এ বিষয়েও আলাপ হয়েছে। ওই এলাকায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্র হয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ চালাবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























