শেরপুর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি সহিংস পরিস্থিতি এড়াতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও কমনওয়েলথ।
ওসমান হাদিকে হত্যার নিন্দা জানিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় শুক্রবার সংস্থাটির নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে ও সর্বোচ্চ সংযম দেখাতে আহ্বান জানিয়েছেন। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে শির্লে বোচওয়ে ওসমান হাদির পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে এবং সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সরকারের এ বক্তব্যকে স্বাগত জানাই।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























