শেরপুর নিউজ ডেস্ক: পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে সেতুতে পর্যটকদের উঠতে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটক কমপ্লেক্স। বুধবার দুপুরে তোলা। ছবি: সমকাল
দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হলেও উত্তর ও পূর্বাঞ্চলেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙামাটি অফিস জানায়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে ডুবে গেছে জেলার প্রধান পর্যটন আকর্ষণ– ঝুলন্ত সেতু। বুধবার সকালে সেতুর পাটাতনের ওপর প্রায় চার ইঞ্চি পানি ওঠায় কর্তৃপক্ষ চলাচলের জন্য সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
রাঙামাটি সরকারি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পানি কমে গেলে সেতু আবার খুলে দেওয়া হবে। বর্তমানে প্রতিদিন আট থেকে ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।
১৯৮৪ সালে নির্মিত এ ঝুলন্ত সেতু প্রতি বর্ষায় পানির নিচে চলে যায়। স্থানীয় ও পর্যটকদের দাবি, বর্ষা মৌসুমেও সৌন্দর্য উপভোগের সুযোগ রাখতে সেতুর উচ্চতা বাড়ানো দরকার।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















