বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাবতলী উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা এবং এক বাবার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
অন্যদিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
গৃহবধূকে গলা কেটে হত্যা
বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান তিনি। ঘরে ঢুকে দেখতে পান, রিতা রানীর গলাকাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থল থেকে রিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটা অবস্থায় তিনি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিলেন। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ
গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের শিশু সন্তানকে গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত বাবাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র খুন
অন্যদিকে সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র মোস্তাকিম আহমেদ (১৮)। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মোস্তাকিম গেলে পূর্ব বিরোধের জেরে শাহাদাত ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ হয়েছিল। সেই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসেইন মোহাম্মদ রায়হান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























